ব্রাহ্মণবাড়িয়ায় টিআরসি নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, মেধায় উত্তীর্ণ ৫৩ জন
ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৬ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। “সেবার ব্রতে চাকরি” শ্লোগানে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে এ নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সূত্রে জানা যায়, জেলার শূন্য পদের বিপরীতে নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার জনাব শাহ্ মোঃ আব্দুর রউফ ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্স ড্রিল শেডে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। এসময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
নিয়োগ কার্যক্রমের অংশ হিসেবে Physical Endurance Test (PET)-এর সকল ধাপে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে দেশসেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে দায়িত্ব পালন করতে হবে। তিনি উত্তীর্ণদের সুশৃঙ্খল ও মানবিক পুলিশ সদস্য হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
জানা গেছে, পুলিশ হেডকোয়ার্টার্সের প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে যোগ্য প্রার্থীরা শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও শারীরিক সক্ষমতা পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরবর্তীতে ২৩১ জন লিখিত পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ৬৪ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। সবশেষে মেধা ও যোগ্যতার ভিত্তিতে ৫৩ জনকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়।
উত্তীর্ণ প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষা শেষে প্রশিক্ষণে পাঠানো হবে বলে জানিয়েছে জেলা পুলিশ।