রূপগঞ্জ হাসপাতালে রোগীর স্বর্ণ চুরির চেষ্টা, ব্রাহ্মণবাড়িয়ার ৪ নারীর ৬ মাসের কারাদণ্ড বাঞ্ছারামপুর ও নাসিরনগরের চার নারী দণ্ডিত, আটক করেন আনসার সদস্যরা
বাঞ্ছারামপুর প্রতিনিধিঃ DNB NEWS: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক রোগীর গলা থেকে স্বর্ণালংকার চুরির চেষ্টার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার চার নারীকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার (২৬ অক্টোবর) দুপুরে হাসপাতালের ভেতরে স্বর্ণ চুরির চেষ্টাকালে দায়িত্বে থাকা আনসার সদস্যরা তাঁদের আটক করেন। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হলে প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত নারীরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার একতারপুর গ্রামের মর্তুজা বেগম (৬৫) এবং নাসিরনগর উপজেলার বীরমঙ্গল গ্রামের রুনা বেগম (২২), শাহনাজ বেগম (৬২) ও বুশরা বেগম (৩০)।মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব এ তথ্য জানান।তিনি বলেন, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায়ই চুরির ঘটনা ঘটায় রোগী ও তাঁদের স্বজনদের নিরাপত্তায় আনসার সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। সোমবার দুপুরে হাসপাতালের ভেতরে চার নারীর সন্দেহজনক গতিবিধি তাঁদের নজরে আসে। পরে বিষয়টি ক্যাম্পের দায়িত্বে থাকা প্লাটুন কমান্ডারকে জানানো হয়।এরপর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ মোছলেহ উদ্দীন ফারুখকে অবহিত করা হলে তিনি দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় এক রোগীর গলা থেকে স্বর্ণালংকার চুরির চেষ্টাকালে চার নারীকে হাতেনাতে আটক করা হয় বলে আনসার বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।পরে আটক নারীদের থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হলে রূপগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যেককে ছয় মাস করে কারাদণ্ড দেন।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ সেবাপ্রতিষ্ঠানে রোগী ও স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যদের সতর্কতা ও দ্রুত পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।