ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতি, চুরি, অস্ত্র, মারামারি ও বিস্ফোরকসহ ১১ মামলার আসামি রুবেল ওরফে দুখুকে গ্রেফতা করে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:DNB NEWS||ব্রাহ্মণবাড়িয়ায় রুবেল ওরফে দুখু (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। তাঁর বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, চুরি, অস্ত্র, মারামারি ও বিস্ফোরকসহ বিভিন্ন অভিযোগে মোট ১১টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের টেংকেরপাড় এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দুখু শহরের শেরপুর গ্রামের মো. হোসেনের ছেলে।
পুলিশ জানায়, দুখুর বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির চারটি, চুরির একটি, অস্ত্র আইনে একটি, মারামারি ও বিস্ফোরক আইনে একটি, মারামারির আরও একটি, সি.আর. (নালিশি) মামলা একটি এবং অন্যান্য অভিযোগে আরও মামলাসহ মোট ১১টি মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, দুখুকে এর আগেও একাধিকবার গ্রেফতার করা হয়েছিল। তবে জামিনে মুক্ত হওয়ার পর পুনরায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বলেন, বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুখুকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
ওসি আরও বলেন, “ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ও শহর এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশ তৎপর রয়েছে। অপরাধী যে-ই হোক, কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান, গোয়েন্দা নজরদারি ও আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।”