নবীনগরে বিউটি পার্লার থেকে জাল নোট ও অস্ত্র উদ্ধার
মো. রোমন হায়দার, ব্রাহ্মণবাড়িয়া (বাঞ্ছারামপুর):
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার আদালত পুকুরের পাশে অবস্থিত ‘বউ সাজ বিউটি পার্লার’ থেকে বিপুল পরিমাণ জাল নোট ও অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর থানা পুলিশ ওই পার্লারে অভিযান চালায়। অভিযানে ১০ লাখ ১৮ হাজার টাকার জাল নোটের বান্ডিল এবং ৩ রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করা হয়।
অভিযানের সময় পার্লারের মালিক বিলকিস বেগমকে পাওয়া যায়নি। তবে পার্লারে কর্মরত তিনজন মহিলা কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছে।
নবীনগর থানার একাধিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এ পার্লারে অবৈধভাবে জাল টাকার ব্যবসা চলছিল বলে সন্দেহ করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।