বাঞ্ছারামপুর গৃহবধূর শিল্পী বেগমের রহস্যজনক মৃত্যু, স্বামী শাহ নবীকে নিয়ে পরিবারের অভিযোগ

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মো: রোমন হায়দার
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে শিল্পী বেগম (৩৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃত্যুর ঘটনায় তাঁর স্বামী শাহ নবীকে নিয়ে অভিযোগ তুলেছে নিহতের পরিবার। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।শনিবার (২৯ আগস্ট) ভোররাতে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের মধ্যনগর গ্রামের মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।নিহতের পরিবারের অভিযোগ, শিল্পী বেগমের শরীরে, বিশেষ করে গলায় দাগ দেখা গেছে। এ নিয়ে পরিবারের সদস্যরা সন্দেহ প্রকাশ করে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। ঘটনার পর তাঁর স্বামী শাহ নবী চলে গেছেন বলেও পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে শিল্পী বেগমকে তাঁর স্বামী বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন জানান, গলায় দাগ থাকায় বিষয়টি নিয়ে সন্দেহ রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে শিল্পী বেগমের মৃত্যুকে হত্যা, আত্মহত্যা বা অন্য কোনো কারণ হিসেবে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তদন্ত ও ময়নাতদন্তের ফলাফলের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা হবে।