মো রোমন হায়দার নবীনগর বিশেষ প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নারুই গ্রামে মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে স্থানীয় জনসাধারণের উদ্যোগে অনুষ্ঠিত এক গ্রাম্য সালিশে অভিযুক্ত কয়েকজন মাদক ব্যবসায়ীকে প্রকাশ্যে শাস্তি দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নারুই গ্রামের বিভিন্ন স্থানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগ ছিল। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। সম্প্রতি কয়েকজনকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশে হাজির করা হয়।

সালিশ বৈঠকে অভিযুক্তদের বিরুদ্ধে এলাকাবাসী বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। অভিযোগের সত্যতা যাচাইয়ের পর ভবিষ্যতে মাদক ব্যবসা ও সেবন থেকে বিরত থাকার শর্তে তাদের প্রকাশ্যে শাস্তি দেওয়া হয় এবং পুনরায় এমন কর্মকাণ্ডে জড়িত হলে কঠোর সামাজিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়।
এলাকাবাসী বলেন, মাদকের কারণে যুবসমাজ ধ্বংসের পথে যাচ্ছে। মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই। তাই সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, নবীনগর উপজেলায় মাদকবিরোধী বিভিন্ন অভিযান ও সামাজিক আন্দোলন চলমান রয়েছে। স্থানীয়ভাবে মাদক নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির দাবিও জানানো হচ্ছে।