ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় পেশাগত দায়িত্ব পালনকালে ভ্যাট ইন্সপেক্টর মো. সাইফুল ইসলামকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী মো. তুহিনকে (৩২) গ্রেফতার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত তুহিন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ভিটি ঝগড়ার চর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে।
পুলিশ জানায়, সোমবার (১২ মে) রাতে বাঞ্ছারামপুর মডেল থানার একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। একই দিনে অন্যান্য মামলায় আরও একজন এবং ওয়ারেন্টভুক্ত আরও একজনকে আটক করা হয়েছে।
ঘটনার বিবরণ
গত ৯ মে দুপুরে উপজেলার দুর্গারামপুর ব্রিজ এলাকায় অবস্থিত ‘মেসার্স আল্লাহ ভরসা এন্টারপ্রাইজ’-এ ভ্যাট সংক্রান্ত কাগজপত্র যাচাই করতে যান কাস্টমস ও ভ্যাট কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। অভিযোগ রয়েছে, সরকারি ছুটির দিনে পরিদর্শনে যাওয়ায় প্রতিষ্ঠানের মালিক হাবিবুর রহমান তাকে ‘ভুয়া কর্মকর্তা’ সন্দেহ করেন। পরে স্থানীয় লোকজনকে জড়ো করে তাকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয় এবং তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।
নির্যাতনের ঘটনায় ওই কর্মকর্তার একটি হাত ভেঙে যায় এবং তিনি গুরুতর আহত হন। বর্তমানে তিনি ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মামলা ও আইনগত ব্যবস্থা
এ ঘটনায় ১২ মে বাঞ্ছারামপুর মডেল থানায় মামলা নং-০৯ দায়ের করা হয়। মামলায় দণ্ডবিধির ১৪৩, ১৮৬, ৩৫৩, ৩৩২, ৩৩৩, ৩০৭, ৩৭৯ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মামলার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামী মো. তুহিনকে গ্রেফতার করা হয়। মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াসিন বলেন, সরকারি কাজে বাধা প্রদান এবং কর্তব্যরত কর্মকর্তাকে গুরুতর জখম করার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।