
বাঞ্ছারামপুরে এক কোটি দুই লক্ষ টাকায় নির্মিত হবে ছলিমাবাদ ইউনিয়নের ভূমি অফিসের দোতলা ভবন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: রোমন হায়দার
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা মহোদয়া আজ ০৭ অক্টোবর, রোজ মঙ্গলবার, ছলিমাবাদ ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন নির্মাণকাজের পূর্বে অফিসের নির্ধারিত স্থান পরিদর্শন করেন।দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ছলিমাবাদ ইউনিয়ন ভূমি অফিসের দোতলা ভবন নির্মাণকাজ শুরু হচ্ছে। প্রায় এক কোটি দুই লক্ষ টাকা ব্যয়ে নির্মিতব্য এই ভবনের একতলা পর্যন্ত কাজ বর্তমান বরাদ্দের আওতায় সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডি’র প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহকারী প্রকৌশলী ফেরদৌস আহমেদ, এবং ছলিমাবাদ ইউনিয়ন ভূমি অফিসের নায়েব মোঃ জাকির হোসেন।তবে ভবনের নির্মাণকাজ সম্পূর্ণ করতে গেলে এবং ভূমি অফিসের চারদিকে বাউন্ডারি নির্মাণ করলে, দক্ষিণ ও পূর্ব পাশে বসবাসকারী স্থানীয় জনসাধারণের চলাচলে অসুবিধা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী। যদিও সংশ্লিষ্ট জায়গাটি সম্পূর্ণ সরকারি জমির আওতাভুক্ত, তবুও এলাকাবাসীর যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করে তারা উপজেলা প্রশাসনের কাছে সাধারণ মানুষের চলাচলের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা রাখার আবেদন জানিয়েছেন।