বাঞ্ছারামপুরে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার, এলজি বন্দুক ও গুলি উদ্ধার
নিজস্ব প্রতিনিধি, বাঞ্ছারামপুর:রোমন হাযদার
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি এলজি বন্দুক, দুই রাউন্ড কার্তুজ ও একটি নম্বরবিহীন মোটরসাইকেলসহ এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার দুই সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ জুন) রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর মডেল থানার একটি দল উপজেলার ১নং তেজখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের আকানগর গ্রামে আব্দুল আজিজের বাড়ির সামনে পাকা সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এ সময় সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালানোর এক পর্যায়ে সিদ্দিকুর রহমান (২২) নামে এক যুবককে আটক করা হয়।

তল্লাশিকালে তার দখল থেকে একটি সচল লোহার তৈরি দেশীয় এলজি বন্দুক, দুইটি সাদা রঙের কার্তুজ এবং একটি কালো রঙের নম্বরবিহীন সুজুকি জিক্সার মোটরসাইকেল উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় তার সঙ্গে থাকা অমিত (২৩) ও লিমন (১৯) নামে আরও দুইজন পালিয়ে যেতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত সিদ্দিকুর রহমানের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বরাইল গ্রামে। তার পিতার নাম আতিকুর রহমান এবং মাতার নাম হাজেরা বেগম। বর্তমানে তিনি নবীনগর উপজেলার নুরজাহানপুর গুচ্ছগ্রামে বসবাস করেন।
উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও মোটরসাইকেল আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক তিনজনের বিরুদ্ধে বাঞ্ছারামপুর মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের জন্যও চেষ্টা চলছে।