বাঞ্ছারামপুরের বাহেরচর বাজারে কুমির দেখার গুজব, স্থানীয়দের দাবি ঘটনার কোনো সত্যতা নেই

নিজস্ব প্রতিনিধি মো রোমন হায়দার। বাঞ্ছারামপুর:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বাহেরচর বাজারে কুমির দেখা গেছে—এমন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমের কয়েকটি ফেসবুক পেজে পোস্ট ছড়িয়ে পড়েছে। তবে স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, এ ধরনের কোনো ঘটনার সত্যতা পাওয়া যায়নি। ফলে বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন বলেই প্রতীয়মান হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বাহেরচর বাজার বা আশপাশের এলাকায় কুমির দেখার মতো কোনো ঘটনা ঘটেনি। ভাইরাল হওয়া পোস্টগুলো যাচাই করে কোনো নির্ভরযোগ্য তথ্যও পাওয়া যায়নি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব পোস্টের নিচে অনেক ব্যবহারকারী এগুলোকে ভুয়া, এআই-নির্মিত কিংবা বিভ্রান্তিকর বলে মন্তব্য করছেন। সচেতন মহলের মতে, এ ধরনের যাচাইবিহীন তথ্য সাধারণ মানুষের মধ্যে অযথা আতঙ্ক, বিভ্রান্তি ও গুজবের পরিবেশ সৃষ্টি করতে পারে।

স্থানীয় সচেতন নাগরিকরা বলেন, শুধুমাত্র ভিউ ও রিচ বাড়ানোর উদ্দেশ্যে মিথ্যা বা যাচাইবিহীন তথ্য প্রচার করা কোনোভাবেই দায়িত্বশীল আচরণ নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য প্রকাশের আগে অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ের সত্যতা যাচাই করা উচিত।
তারা আরও বলেন, ইচ্ছাকৃতভাবে গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করলে প্রচলিত আইন অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদেরও কোনো তথ্য শেয়ার করার আগে নির্ভরযোগ্য উৎস থেকে যাচাই করার আহ্বান জানিয়েছেন তারা।