জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬: রিয়েল টাইম মনিটরিংয়ে সারা দেশে তৃতীয় বাঞ্ছারামপুর উপজেলা

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মো রোমন হায়দার
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর রিয়েল টাইম মনিটরিং পারফরম্যান্সে সারা বাংলাদেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা। এ অর্জনের স্বীকৃতিস্বরূপ ব্রাহ্মণবাড়িয়ার মান্যবর সিভিল সার্জন ডা. নোমান মিয়া বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রঞ্জন বর্মন-এর হাতে সম্মাননা উপহার তুলে দেন।
এ সাফল্যের পেছনে উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, মাঠপর্যায়ের স্বাস্থ্য সহকারী ও সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ অর্জনে আনন্দ ও গর্ব প্রকাশ করে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, বাঞ্ছারামপুর উপজেলা শাখা-র সভাপতি মো. জসীম উদ্দীন উপজেলার সকল স্বাস্থ্য সহকারীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও জনস্বাস্থ্য সেবায় বাঞ্ছারামপুর উপজেলা একই ধারাবাহিকতা বজায় রেখে আরও সাফল্য অর্জন করবে।
এই অর্জন বাঞ্ছারামপুর উপজেলার স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং জাতীয় স্বাস্থ্য কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্টদের নিষ্ঠা ও দক্ষতার একটি উজ্জ্বল স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।