কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান মো. আহসান পারভেজ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ
স্টাফ রিপোর্টার:রোমন হায়দার (বাঞ্ছারামপুর)
শিক্ষা প্রশাসনে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে দেশের বিভিন্ন শিক্ষা বোর্ড ও শিক্ষা প্রতিষ্ঠানে নতুন চেয়ারম্যান ও অধ্যক্ষ নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর অংশ হিসেবে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আহসান পারভেজ।

সোমবার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। মো. আহসান পারভেজ বর্তমানে কুমিল্লার দেবিদ্বার সরকারি এস.এ. সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।
একই প্রজ্ঞাপনে দেশের আরও চারটি শিক্ষা বোর্ড এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) নতুন চেয়ারম্যান নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে।
নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন— ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে সৈয়দ আক্তারুজ্জামান, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে ফারুখে আযম মু. আব্দুস ছালাম এবং রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে ড. শামীম আরা চৌধুরী।

এছাড়া জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-এর চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ ফখরুল মাওলা।
অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এ কে এম ওবায়দুল হককে।
শিক্ষা প্রশাসনে এ পরিবর্তনের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।