কনস্টেবল অমিত হাসানকে সাহসিকতার জন্য পুরস্কৃত করলেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:মো: রোমন হায়দার
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে আত্মহত্যার উদ্দেশ্যে ঝাঁপ দেওয়া এক নারীকে জীবন বাজি রেখে উদ্ধার করায় পুলিশ কনস্টেবল অমিত হাসানকে পুরস্কৃত করা হয়েছে।গত ২৫ আগস্ট ২০২৬ খ্রি. ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক নারী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে নদীতে ঝাঁপ দেন পুলিশ কনস্টেবল অমিত হাসান। পরে সাহসিকতার সঙ্গে ওই নারীকে উদ্ধার করতে সক্ষম হন তিনি।পুলিশ সদস্যের এমন মানবিক ও সাহসী ভূমিকার স্বীকৃতিস্বরূপ ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার নিজ কার্যালয়ে কনস্টেবল অমিত হাসানকে Certificate of Appreciation (সার্টিফিকেট অব অ্যাপ্রেসিয়েশন) এবং অর্থ পুরস্কার প্রদান করেন।
পুলিশ সুপার অমিত হাসানের সাহসিকতা, দায়িত্ববোধ ও মানবিক উদ্যোগের প্রশংসা করেন। দায়িত্ব পালনের পাশাপাশি বিপন্ন একজন মানুষের জীবন রক্ষায় ঝুঁকি নিয়ে এগিয়ে আসায় তার এই কর্মকাণ্ড পুলিশ বিভাগের জন্যও গর্বের বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, গত ২৫ আগস্ট রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের শিমরাইল কান্দি এলাকার তিতাস নদীর ব্রিজের কাছে ওই নারী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় কনস্টেবল অমিত হাসান দ্রুত পানিতে ঝাঁপ দিয়ে তাকে উদ্ধার করেন। পরে তাকে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
কনস্টেবল অমিত হাসানের এই সাহসী উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসিত হয়েছে। দায়িত্বের প্রতি নিষ্ঠা, মানবিকতা ও সাহসিকতার এমন দৃষ্টান্ত অন্য পুলিশ সদস্যদেরও অনুপ্রাণিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।