আখাউড়ায় ইয়াবাসহ বিজিবি সদস্য তামিম রানা আটক করে পুলিশ।
আখাউড়া প্রতিনিধি:(ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৬০০টি ইয়াবাসহ মো তামিম রানা (৩৫) নামে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যকে আটক করেছে পুলিশ।রোববার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে আখাউড়া পৌরসভার দেবগ্রাম নয়াবাজার এলাকার আখাউড়া-মোগড়া বাজারগামী সড়ক থেকে তাকে আটক করা হয়।আটক তামিম রানা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের নিকুরকান্দা গ্রামের বাসিন্দা। তিনি রাঙ্গামাটির বরকল বিওপিতে বিজিবির ৪৫ ব্যাটালিয়নের সিপাহি হিসেবে কর্মরত বলে জানা গেছে।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. সামছুল হক, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ওমর ফারুক ও এএসআই বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় দেবগ্রাম নয়াবাজার এলাকায় তামিম রানাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৬০০টি ইয়াবা ট্যাবলেট, একটি বিজিবি পরিচয়পত্র ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।