মোবাইলে বিয়ে সৌদিতে কারখানায় আগুনে প্রাণ গেল নববিবাহিত সাব্বিরের, স্বপ্ন ভাঙল স্ত্রীর
নিজস্ব প্রতিনিধি মো রোমন হায়দার :
সংসারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন সাব্বির। পরিবারের মুখে হাসি ফোটাবেন, স্ত্রীকে নিয়ে গড়বেন সুন্দর ভবিষ্যৎ—এমন স্বপ্নই ছিল তার। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। সৌদি আরবে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্য শ্রমিকদের সঙ্গে প্রাণ হারিয়েছেন নববিবাহিত সাব্বিরও।
রোববার (৯ আগস্ট) সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় বহু বাংলাদেশি শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। সর্বশেষ বিভিন্ন প্রতিবেদনে নিহত বাংলাদেশির সংখ্যা ১৬ জন বলে জানানো হয়েছে।
জানা গেছে, পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে স্বপ্ন নিয়ে সৌদি আরবে গিয়েছিলেন সাব্বির। প্রবাসে থাকার সময়ই মোবাইল ফোনের মাধ্যমে বিয়ে করেন তিনি। পরিবারের স্বপ্ন ছিল—বিয়ের পর কিছুদিনের মধ্যেই দেশে ফিরে আসবেন সাব্বির। নতুন স্ত্রীকে নিয়ে শুরু করবেন সংসারজীবন।
কিন্তু নিয়তির নির্মম পরিহাস, দেশে ফেরার আগেই সব স্বপ্ন শেষ হয়ে গেল। কর্মস্থলে ভয়াবহ আগুন মুহূর্তের মধ্যে কেড়ে নিল সাব্বিরের প্রাণ। একই ঘটনায় আরও কয়েকজন বাংলাদেশি শ্রমিকও মারা যান।
সাব্বিরের মৃত্যুর খবরে তার পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। সবচেয়ে বেশি কষ্টের ভার বইতে হচ্ছে তার নববিবাহিত স্ত্রীকে। বিয়ের পর স্বামীর সঙ্গে সংসার করার স্বপ্ন দেখলেও সেই স্বপ্ন আর বাস্তবে রূপ নিল না। বিয়ে করেও যেন অবিবাহিতই রয়ে গেলেন সাব্বিরের স্ত্রী।
সৌদি আরবে ওই অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে নেওয়া হয়েছে এবং নিহতদের পরিচয় নিশ্চিতকরণসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তা এবং মরদেহ দেশে ফেরানোর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
একটি দুর্ঘটনা মুহূর্তেই কেড়ে নিল সাব্বিরের জীবন, ভেঙে দিল একটি নতুন সংসারের স্বপ্ন এবং শোকে স্তব্ধ করে দিল তার পরিবার-স্বজনদের।