ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর ইছাপুর গ্রামে আধিপত্য বিস্তারে দুই পক্ষের দফায় দফায় সং/ঘ/র্ষ, আ/হত ১৫ জন

মো. রোমন হায়দার, বাঞ্ছারামপুর প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামে সাবেক দুই ইউপি চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার স্থানীয় বাজারে সাবেক চেয়ারম্যান আক্তার গ্রুপের এনাম ও বকুল গ্রুপের রুবেলের মধ্যে কথা-কাটাকাটির জেরে প্রথমে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে উভয় পক্ষের লোকজন বাড়িতে ফিরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে।
এরই জের ধরে রোববার সকাল ৭টার দিকে দুই পক্ষের লোকজন আবারও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। সকাল ১০টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা ধরে থেমে থেমে কয়েক দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ চলে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
খবর পেয়ে বিজয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করা হয়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলা ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”