বাঞ্ছারামপুরের উজানচর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার মো রোমন হায়দার|ডেইলি নিউজ বাঞ্ছারামপুর
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়নে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন ২০২৬) উজানচর ইউনিয়ন পরিষদ হলরুমে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উজানচর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ওয়ারিশ মিয়া। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য সহিদদুল ইসলাম, ইউপি সদস্য হাবিবুর রহমান, হিসাব সহকারী জিহাদ মিয়াসহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর ফেরদৌস আহমেদ এবং ওমর ফারুক ভুঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

ক্যাম্পেইনের শুরুতে একটি সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন বার্তা প্রচার করেন।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী ফেরদৌস আহমেদ গ্রাম আদালতের কার্যক্রম, সুবিধা, বিচার প্রক্রিয়া এবং স্থানীয় পর্যায়ে দ্রুত ও স্বল্প ব্যয়ে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, গ্রাম আদালত জনগণের দোরগোড়ায় সহজ ও কার্যকর বিচারসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বক্তারা বলেন, গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় ছোটখাটো বিরোধ দ্রুত নিষ্পত্তি হওয়ায় আদালতের ওপর চাপ কমছে এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে এটি কার্যকর ভূমিকা রাখছে। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম গ্রাম আদালত সম্পর্কে সাধারণ মানুষের জ্ঞান বৃদ্ধি ও সেবাগ্রহণে আগ্রহ সৃষ্টি করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ক্যাম্পেইন শেষে গ্রাম আদালতের সেবা জনগণের কাছে আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।