ছলিমাবাদে বটতলী আদর্শ কিন্ডারগার্টেনের ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ।
ডেইলি নিউজ বাঞ্ছারামপুর নিজস্ব প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নে অবস্থিত বটতলী আদর্শ কিন্ডারগার্টেনের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয় আনন্দ-উৎসবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনতা ব্যাংক পিএলসির প্রাক্তন উপব্যবস্থাপক মোঃ আবদুর রহিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কাউছার আহমেদ ও মোঃ ডালিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী রায়পুরা এলএসডির খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা তাসলিমা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছলিমাবাদ ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার জামাল উদ্দিন, হায়দরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এনামুল হক, বাঞ্ছারামপুর পৌরসভার লাইসেন্স পরিদর্শক মোঃ আবুল হাসেম, হায়দরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিপন মিয়া এবং রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নাসির উদ্দিনসহ আরও অনেকে।
অনুষ্ঠানের শুরুতে ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। দৌড়, লং জাম্প, বল নিক্ষেপসহ বিভিন্ন খেলায় শিশুদের উচ্ছ্বাস ও প্রতিযোগিতামূলক মনোভাব উপস্থিত সবাইকে মুগ্ধ করে। পরবর্তীতে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় শিক্ষার্থীরা গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে দর্শকদের হৃদয় জয় করে নেয়।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় অতিথিরা শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।
সমগ্র আয়োজনটি ছিল শৃঙ্খলাবদ্ধ, প্রাণবন্ত ও আনন্দঘন—যা উপস্থিত সবার মাঝে এক আনন্দময় স্মৃতি হয়ে থাকবে।