বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
‘আদর্শ বিদ্যালয়ের খোঁজে, শিক্ষার মানোন্নয়নে গ্রামবাসীর ঐক্যবদ্ধ উদ্যোগ’—এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার খাল্লা গ্রামে শিক্ষার মানোন্নয়ন ও একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় খাল্লা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠন এবং বিদ্যালয়ের সার্বিক মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় সুধীজনদের মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরদার করাই ছিল সভার উদ্দেশ্য।
শহীদুল ইসলামের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। খাল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং মো. আজিজুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও ওয়ান ব্যাংক পিএলসির ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস চেয়ারম্যান সাইফুর রহমান সজিব।
বক্তারা বলেন, একটি এলাকার উন্নয়নের মূল ভিত্তি হলো মানসম্মত শিক্ষা। শিক্ষার্থীদের আধুনিক, মানবিক ও নৈতিক শিক্ষায় গড়ে তুলতে শিক্ষক-অভিভাবকদের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভায় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, নিয়মিত পাঠদান, অভিভাবকদের সম্পৃক্ততা এবং ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এসবিএসি ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ আলী, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য আনিসুল হক বাবু, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক খায়রুল আমিন পাভেল, সমাজসেবক আমিরুল মোমেন আলমগীর, মাসুদুর রহমান, আব্দুর রশিদ, হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল মোমেন, তেজখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম সেন্টু, সহকারী শিক্ষক আলী আশরাফ সোহাগ, আবুল হোসেন, কোম্পানীগঞ্জ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ ইলিয়াস, সাবেক ইউপি সদস্য নাজমুল হাসান পাইলট, সমাজসেবক তাজুল ইসলাম, হাসনাত চৌধুরী, বকুল, অভিভাবক বিউটি আক্তার, রিনা সুলতানা, নাইম প্রধান, রাজিব আলম এবং নবম শ্রেণির শিক্ষার্থী আজিজুল তাওহীদসহ অনেকে।
বক্তারা আরও বলেন, কেবল শিক্ষক ও বিদ্যালয় কর্তৃপক্ষের একক প্রচেষ্টায় শিক্ষার কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও স্থানীয় সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, এ ধরনের মতবিনিময় ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে খাল্লা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত হবে এবং শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।
আয়োজকরা জানান, এটি শিক্ষার মানোন্নয়নে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। ভবিষ্যতে স্থানীয়দের সহযোগিতা ও পরামর্শের ভিত্তিতে বিদ্যালয়ের উন্নয়নে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
মতবিনিময় সভাকে ঘিরে স্থানীয় শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।