ব্রাহ্মণবাড়িয়া ফেসবুকে সমালোচনার অভিযোগে নাসিরনগরে সাবেক এনসিপি নেতা গণপিটুনির শিকার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:মোহাম্মদ রোমন হায়দার
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম এ হান্নানকে নিয়ে সমালোচনামূলক লেখালেখি ও নেতিবাচক মন্তব্য করার অভিযোগে আসাদ খোকন নামে জাতীয় নাগরিক পার্টি—এনসিপির সাবেক এক নেতাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার হরিপুর ইউনিয়নের জমিদার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। মারধরের শিকার আসাদ খোকন নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, আসাদ খোকন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য। পরবর্তী সময়ে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। আওয়ামী লীগ সরকারের সময় তিনি তৎকালীন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য বিএম ফরহাদ হোসেন সংগ্রামের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন বলে স্থানীয়রা জানান।
২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দেন। পরে দল থেকে তাকে বহিষ্কার করা হয়। এরপরও তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন রাজনৈতিক বিষয়ে লেখালেখি করতেন বলে জানা গেছে।
শুক্রবার বিকেলে ফেসবুকে তারেক রহমান ও স্থানীয় সংসদ সদস্য এম এ হান্নানকে নিয়ে সমালোচনামূলক লেখালেখি ও নেতিবাচক মন্তব্য করার অভিযোগ তুলে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও কয়েকজন ব্যক্তি তাকে মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে তাকে নাসিরনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক মিয়া আসাদ খোকনকে মারধরের বিষয়টি নিশ্চিত করেছেন।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম বলেন, “আসাদ খোকন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য ছিলেন। তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন। শুক্রবার বিকেলে একদল লোক তাকে মারধর করে থানায় দিয়ে যায়।”
ওসি আরও জানান, কারা তাকে মারধর করেছে, বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। তবে আসাদ খোকনের বিরুদ্ধে নাসিরনগর থানায় কোনো মামলা নেই। তাই আইনগত প্রক্রিয়া শেষে তাকে পরিবারের জিম্মায় দেওয়া হবে।
ঘটনাটি নিয়ে এলাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। তবে ফেসবুকে করা কথিত মন্তব্যের বিষয়ে আসাদ খোকনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।