বিষের বোতল হাতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, বিয়ের দাবিতে পাঁচদিন ধরে অবস্থান
নাসিরনগর প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে বিষের বোতল হাতে নিয়ে পাঁচদিন ধরে অবস্থান করছেন লায়লা নামে এক তরুণী। শনিবার (৮ আগস্ট) থেকে বুধবার (১২ আগস্ট) পর্যন্ত তিনি প্রেমিক আমিন খানের বাড়িতে অবস্থান করছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।লায়লার দাবি, দুবাইপ্রবাসী আমিন খানের সঙ্গে তার প্রায় চার বছর ধরে প্রেমের সম্পর্ক। আমিন দেশে থাকাকালে দুই বছর এবং পরবর্তীতে দুবাই যাওয়ার পর আরও দুই বছর ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে সম্পর্ক বজায় রাখেন। তবে দীর্ঘদিনের সম্পর্কের পর এখন আমিন বিয়েতে অস্বীকৃতি জানাচ্ছেন বলে অভিযোগ করেন লায়লা।
লায়লার বাবা ও শংকরাদহ গ্রামের বাসিন্দা সোহাগ খান বলেন, “বিয়ে করবে বলে সম্পর্ক করার পর এখন অস্বীকার করায় আমার মেয়ে পাঁচদিন ধরে অনশন করছে। গ্রামের সর্দার-মাতব্বররা বিষয়টি সমাধানের জন্য ছেলে পক্ষকে বিয়ের প্রস্তাব দিলে তারা প্রথমে সম্মতি দিলেও এখন টালবাহানা করছে। এ অবস্থায় মেয়ের জীবন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।”
এদিকে আমিন খানের বড় ভাই আজমল খান অনশনের বিষয়টি স্বীকার করে বলেন, “আমার ছোট ভাইয়ের সঙ্গে রিলেশন ছিল। কিন্তু আমার ছোট ভাই বিয়েতে সম্মতি দিচ্ছে না। আমাদের কী করার আছে?”বিষের বোতল হাতে রাখার বিষয়ে আজমল খান বলেন, “বিষের বোতল ছিল। তবে গ্রামের সাহেব-সর্দাররা সেটি সরিয়ে নিয়েছেন।”স্থানীয় সূত্র জানায়, বিষয়টি মীমাংসার জন্য গ্রামের সর্দার-মাতব্বররা কয়েক দফা উদ্যোগ নিয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সমাধান হয়নি। দীর্ঘ সময় ধরে তরুণীর প্রেমিকের বাড়িতে অবস্থানের ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।প্রেমিক আমিন খান হরিণবেড় গ্রামের কামাল খানের ছেলে। তিনি বর্তমানে দুবাইপ্রবাসী বলে জানা গেছে।
এ বিষয়ে বুধবার (১২ আগস্ট) পর্যন্ত নাসিরনগর থানায় কোনো মামলা হয়েছে কি না, তা জানা যায়নি।