বাঞ্ছারামপুরে বিএনপির দোয়া মাহফিলে জোনায়েদ সাকি: উন্নয়ন দেখে ‘আওয়ামী লীগের জ্বালা ধরেছে’

বাঞ্ছারামপুর প্রতিনিধি মো রোমন হায়দার
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কঠোর মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

শনিবার (১৩ জুন) বিকেলে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের আয়োজন করা হয় বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বাঞ্ছারামপুর ডিগ্রি কলেজের সাবেক ভিপি মরহুম আব্দুল মান্নানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে। অনুষ্ঠানে দোয়া ও মিলাদ মাহফিলের পাশাপাশি তাঁর স্মৃতিচারণ করা হয়।
বক্তব্যে জোনায়েদ সাকি বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত একটি রাজনৈতিক সরকার। তিনি দাবি করেন, “পলাতক ফ্যাসিস্টদের রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে হবে।” তার ভাষায়, বিগত প্রায় চার মাসে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড দেখে বিরোধীদের মনে ক্ষোভ তৈরি হয়েছে, এবং তারা নানা ধরনের ষড়যন্ত্র ও কুৎসা রটানোর চেষ্টা করছে।

তিনি আরও বলেন, গত ১৫ বছরে যারা ক্ষমতায় ছিল তারা শুধু লুটপাটই করেনি, বরং বিদেশে হাজার কোটি টাকা পাচার করেছে বলেও অভিযোগ করেন। এ সময় তিনি কড়া ভাষায় বলেন, “চোরের মায়ের আবার বড় গলা।”
অনুষ্ঠানে তিনি মরহুম আব্দুল মান্নানের রাজনৈতিক জীবনের কথা স্মরণ করে বলেন, তিনি বহুবার কারাবরণ, মিথ্যা মামলা ও নির্যাতনের মধ্যেও বাঞ্ছারামপুর উপজেলা বিএনপিকে সংগঠিত রেখেছিলেন।

এছাড়া এলাকার উন্নয়ন পরিকল্পনা নিয়েও কথা বলেন তিনি। তার বক্তব্য অনুযায়ী, বাঞ্ছারামপুরের ঢোলভাঙ্গা নদীর সংস্কার কাজের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে এবং এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। পাশাপাশি উপজেলা ভবন ১৫ তলা করার পরিকল্পনা এবং ৫০ শয্যার হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। সঞ্চালনায় ছিলেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আবু কালাম। আরও উপস্থিত ছিলেন উপজেলা ও জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সবশেষে মরহুম আব্দুল মান্নানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত সবাই অংশগ্রহণ করেন।