বাঞ্ছারামপুরে দুই ছেলের অট্টালিকা, তবু বৃদ্ধ মায়ের ঠাঁই ঘরের বাইরে—হৃদয়বিদারক দৃশ্য

নিজস্ব প্রতিনিধি মো রোমন হায়দার| বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার টিএনটি পাড়ায় এক বৃদ্ধ মায়ের বসবাসের পরিবেশ নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, দুই ছেলের পাকা অট্টালিকা থাকলেও বৃদ্ধ মা দীর্ঘদিন ধরে ঘরের বাইরে অস্থায়ী একটি স্থানে বসবাস করছেন।

এ বিষয়ে স্থানীয়দের কয়েকজন জানান, জীবনের সবটুকু সময় সন্তানদের মানুষ করতে ব্যয় করলেও বার্ধক্যে এসে ওই মায়ের জন্য ঘরের ভেতরে একটি সম্মানজনক থাকার ব্যবস্থা হয়নি। বিষয়টি এলাকায় মানবিক দৃষ্টিকোণ থেকে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্থানীয় পান বিক্রেতা হুমায়ুন মিয়া সাংবাদিকদের বলেন, “অতি শীঘ্রই বুড়ি মায়ের জন্য একটি ভালো থাকার ব্যবস্থা (বাঁশ/টিনের ঘর) তৈরি করে দেওয়া হবে।” তবে কবে নাগাদ কাজটি সম্পন্ন হবে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো সময়সীমা জানাননি।

এদিকে, বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই ক্ষোভ প্রকাশ করছেন। তাদের মতে, ইট-পাথরের দালান যতই উঁচু হোক, যদি একজন বৃদ্ধ মায়ের জন্য সম্মানজনক একটি আশ্রয়ের ব্যবস্থা না থাকে, তবে সেই অর্জনের প্রকৃত মূল্য প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।
স্থানীয় সচেতন মহলের দাবি, পরিবারের সদস্যদের পাশাপাশি সমাজের বিত্তবান ও মানবিক মানুষদেরও এমন অসহায় বৃদ্ধ-বৃদ্ধাদের পাশে দাঁড়ানো উচিত। তারা বলেন, একজন মা যেমনই হোন না কেন, তাঁর শেষ বয়সে নিরাপদ ও সম্মানজনক আশ্রয় নিশ্চিত করা সন্তানদের নৈতিক ও সামাজিক দায়িত্ব।