বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
বাঞ্ছারামপুর প্রতিনিধি:মো রোমন হায়দার
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তারিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রঞ্জন বর্মন, বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াছিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবা কার্যক্রম, স্বাস্থ্য, শিক্ষা, আইন-শৃঙ্খলা, কৃষি ও অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে চলমান সরকারি উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা এবং জনসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিকুল ইসলাম সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সরকারি সেবা নিশ্চিত করতে হবে।
সভা শেষে উপজেলার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।
স্থান: উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া।