কুমিল্লা পল্লী বিদ্যুৎ-৩: ২৪ ঘণ্টার মধ্যে মাত্র ২ ঘণ্টা বিদ্যুৎ! তীব্র ভোগান্তিতে বাঞ্ছারামপুরের মানুষ
মো রোমন হায়দার বাঞ্ছারামপুর নিজস্ব প্রতিনিধি
তীব্র গরমে বাঞ্ছারামপুর উপজেলার সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, কুমিল্লা পল্লী বিদ্যুৎ-৩–এর আওতাধীন এলাকায় ২৪ ঘণ্টার মধ্যে মাত্র প্রায় ২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থী, ব্যবসায়ী, রোগী, শিশু ও বয়স্করা চরম দুর্ভোগে পড়েছেন।
ভুক্তভোগীদের দাবি, নিয়মিত বিদ্যুৎ না পেলেও মাস শেষে বিদ্যুৎ বিল যথারীতি পরিশোধ করতে হচ্ছে। তারা অভিযোগ করেন, বিদ্যুৎ সরবরাহের এমন পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে জানতে চাইলে অনেক সময় সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায় না।
এলাকাবাসীর দাবি, সমস্যার প্রকৃত কারণ প্রকাশ করে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হোক। একই সঙ্গে গ্রাহকদের সঙ্গে দায়িত্বশীল ও জবাবদিহিমূলক আচরণ করারও আহ্বান জানিয়েছেন তারা।
বাঞ্ছারামপুরবাসীর প্রত্যাশা—দীর্ঘ লোডশেডিংয়ের অবসান ঘটিয়ে দ্রুত স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হোক।