বাঞ্ছারামপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: মো: রোমন হায়দার
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বাঞ্ছারামপুর উপজেলা অডিটোরিয়াম কক্ষে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহ, প্রকৃত উপকারভোগী শনাক্তকরণ এবং প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাইয়ের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান খান। তিনি বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাধ্যমে প্রকৃত অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে সরকারি সহায়তার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে তথ্য সংগ্রহের ক্ষেত্রে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও নির্ভুলতা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের অনিয়ম, ভুল তথ্য প্রদান কিংবা পক্ষপাতিত্বের সুযোগ নেই।
তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্থানীয় জনগণকে দায়িত্বশীলতার সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জালাল উদ্দীন বাদল। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাধ্যমে সমাজের প্রকৃত অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারগুলো উপকৃত হবে। সঠিক উপকারভোগী নির্বাচন নিশ্চিত করতে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের সময় সর্বোচ্চ সতর্কতা, স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রাখতে হবে। পাশাপাশি তিনি সংশ্লিষ্ট সবাইকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
প্রেস কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জালাল উদ্দিন, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার ফজিলাতুননেছা, বাঞ্ছারামপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোল্লা নাসির আহমেদ, সাধারণ সম্পাদক ও উপজেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়ক শামীম শিবলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।
বিস্তারিত কমেন্টে।
ডেইলি নিউজ বাঞ্ছারামপুর — সত্যের সন্ধানে প্রতিদিন।