কসবার স্কুলশিক্ষিকাকে অপহরণের চেষ্টার অভিযোগ, ফুটবল ম্যাচের আগে খেলোয়াড়দের প্রতিবাদ

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: মো: রোমন হায়দার
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আকছিনা-কুল্লাবাড়ী মডার্ন স্কুলের এক শিক্ষিকাকে পথরোধ করে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে কসবা পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন জিন্নার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ওই শিক্ষিকা কসবা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে ওই শিক্ষিকাকে পথরোধ করে অপহরণের চেষ্টা করা হয়। ঘটনার পর তিনি কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের বিচারের দাবিতে পরবর্তীতে মানববন্ধন করেন আকছিনা-কুল্লাবাড়ী মডার্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী। মানববন্ধনে তারা ঘটনার সঠিক তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এরই ধারাবাহিকতায় সোমবার (৫ অক্টোবর) বিকেলে কসবার কালতায় একটি ফুটবল টুর্নামেন্টের ম্যাচ শুরুর আগে ঘটনার প্রতিবাদ জানান খেলোয়াড়রা। এ সময় কুল্লাবাড়ি ফুটবল একাদশ ও মইনপুর একাদশের খেলোয়াড়রা প্রতিবাদে অংশ নেন।প্রতিবাদ কর্মসূচিতে খেলোয়াড়রা অভিযোগটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সঙ্গে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।এ ঘটনায় এলাকায় আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, অভিযোগটি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত দেলোয়ার হোসেন জিন্নার বক্তব্য এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।