বাঞ্ছারামপুরে অনলাইন হয়রানি নিয়ে সচেতনতার আহ্বান, পাশে থাকার প্রত্যয় Bancharampur Cyber Network
বাঞ্ছারামপুর প্রতিনিধি:মোঃ রোমন হায়দার
আসসালামু আলাইকুম, বাঞ্ছারামপুরবাসী। অনলাইন প্ল্যাটফর্মে কাজ শুরু করার পর থেকে বিভিন্ন মানুষের কাছ থেকে নানা ধরনের মতামত পাওয়া যাচ্ছে। কারও কাছে কোনো কাজ ভালো লাগতে পারে, আবার কারও কাছে তা নাও ভালো লাগতে পারে—সব মতামতের প্রতিই সম্মান রয়েছে।তবে পেইজটি বিভিন্ন গ্রামের মানুষের সঙ্গে যোগাযোগ ও তথ্যের ভিত্তিতে একটি বিষয় বিশেষভাবে নজরে এসেছে। এলাকার অনেক তরুণী ও নারী অনলাইন বুলিং, সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানি এবং ব্যক্তিগত ছবি বা তথ্য ছড়িয়ে দেওয়ার হুমকির মতো সমস্যার মুখোমুখি হচ্ছেন। অনেক ক্ষেত্রে এসব ঘটনার সঙ্গে বর্তমান বা সাবেক প্রেমের সম্পর্কের বিষয়ও জড়িত বলে অভিযোগ পাওয়া যায়।
এমন পরিস্থিতিতে ভুক্তভোগীদের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছে Bancharampur Cyber Network। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, তারা কতটুকু করতে পারছে তা হয়তো নিজেরাও জানে না, তবে নিজেদের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।একই সঙ্গে বাঞ্ছারামপুরবাসীর প্রতি সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলা হয়েছে, পরিবার ও পরিচিতদের মধ্যে কেউ অনলাইন হয়রানির শিকার হলে বিষয়টি গোপন না রেখে তার পাশে দাঁড়াতে হবে। ব্যক্তিগত ছবি, ভিডিও, মোবাইল নম্বর, পাসওয়ার্ডসহ গুরুত্বপূর্ণ তথ্য অনলাইনে ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
Bancharampur Cyber Network মনে করে, অনলাইন হয়রানির শিকার হওয়া কোনো ব্যক্তির জন্য লজ্জার বিষয় নয়। বরং ভুক্তভোগীকে দোষারোপ না করে প্রয়োজনীয় সহযোগিতা ও মানসিক সমর্থন দেওয়া জরুরি।সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, “আমরা কাউকে দোষারোপ করতে চাই না। আমাদের লক্ষ্য হলো—বাঞ্ছারামপুরের মেয়েরা যেন নিরাপদে, সম্মানের সঙ্গে এবং সচেতনভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারেন।”
সচেতনতা, পারিবারিক সহযোগিতা এবং প্রয়োজনের সময় পাশে দাঁড়ানোর মাধ্যমেই অনলাইন হয়রানি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।