সৌদি আরবে হারিয়ে যাওয়া রিমা আক্তারকে খুঁজছে পরিবার, সাহায্যের আবেদন

DNB (হবিগঞ্জ প্রতিনিধি): পরিবারের আর্থিক সংকট দূর করতে ২০২২ সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে পাড়ি জমান হবিগঞ্জের বাসিন্দা রিমা আক্তার। বিদেশে যাওয়ার পর শুরুতে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকলেও, গত প্রায় তিন বছর ধরে তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করতে পারছে না পরিবার।
পরিবারের সদস্যরা জানান, রিমা আক্তারের দেশে একটি ৬ বছরের কন্যা সন্তান রয়েছে। দীর্ঘদিন ধরে মায়ের কোনো খোঁজ না পেয়ে শিশুটি প্রতিনিয়ত মায়ের অপেক্ষায় দিন গুনছে। মেয়ের সঙ্গে মায়ের যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
স্বজনদের দাবি, রিমা আক্তার বর্তমানে সৌদি আরবের রিয়াদের কোথায় অবস্থান করছেন, সে বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। বিভিন্ন মাধ্যমে খোঁজ নেওয়ার পরও তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
এ অবস্থায় রিয়াদ বা সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের কাছে পরিবারের পক্ষ থেকে মানবিক আবেদন জানানো হয়েছে। কেউ যদি রিমা আক্তারের বর্তমান অবস্থান সম্পর্কে জানেন বা তাকে কোথাও দেখে থাকেন, তাহলে অনুগ্রহ করে পোস্টের ইনবক্সে অথবা সংশ্লিষ্ট পরিবারের সঙ্গে যোগাযোগ করে তথ্য দেওয়ার অনুরোধ করা হয়েছে।
পরিবারের ভাষ্য, আপনাদের দেওয়া একটি ছোট্ট তথ্যই হয়তো দীর্ঘদিনের দুশ্চিন্তার অবসান ঘটাতে পারে এবং একটি ছোট্ট শিশুকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার পথ তৈরি করতে পারে।