বাঞ্ছারামপুর ফরদাবাদ জুয়ার আসর থেকে ৭ জুয়ারি গ্রেফতার, নগদ ২৭ হাজার টাকা উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ৭ জন জুয়ারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২ মে ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ফরদাবাদ ইউনিয়নের চরলহনীয়া এলাকায় আসকর আলী বেপারী বাড়ির একটি পরিত্যক্ত টিনসেট ঘরে দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসছিল। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৭ জনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ২৭ হাজার টাকা এবং জুয়া খেলার কাজে ব্যবহৃত দুই বান্ডিল তাস উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামত ঘটনাস্থলেই উপস্থিত জনসাধারণ ও সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— মো. জয়নাল আবেদীন (৪৩), মো. সহিদ মিয়া (৪৮), মো. হোমেন আলী (৬২), মো. কামাল মিয়া (৪৮), মো. আনিছুর রহমান (৫১), মো. ছিদ্দিকুর রহমান (৬২) এবং মো. সুজন মিয়া (৫০)। তাদের সকলের বাড়ি বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন এলাকায়।
এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনে একটি মামলা (নন-এফআইআর নং-১৭/২৬) দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।