ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে ১৫ মনোনয়নের মধ্যে ১০ জন বৈধ, ৫ জন বাতিল ঘোষনা।
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: মো রোমন হায়দার
আজ ৩ ডিসেম্বর, শনিবার বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে মোট ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে ১০ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে এবং ৫ জন প্রার্থীর মনোনয়ন বিভিন্ন কারণে বাতিল করা হয়েছে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে, তারা হলেন—
মোহাম্মদ মেহেদী হাসান পলাশ,
দেওয়ান মো. নাজমুল হুদা,
কাজী দবির উদ্দিন,
মোহাম্মদ আবু কায়েস এবং
শাহ মুর্তজা আলী।
অন্যদিকে, যেসব প্রার্থী বৈধ প্রার্থী হিসেবে চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন, তারা হলেন—
গণসংহতি আন্দোলন: জোনায়েদ আব্দুর রহিম সাকি
বাংলাদেশ জামায়াতে ইসলামি: মোহাম্মদ মহসীন
স্বতন্ত্র প্রার্থী: আবদুর খালেক এবং ড. মোহাম্মদ সাইদুজ্জামান কামাল
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট: মো. আবু নাসের
ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি): মো. সফিকুল ইসলাম
ইসলামী আন্দোলন বাংলাদেশ: সাইদউদ্দিন খান
ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ: মো. হাবিবুর রহমান
গণঅধিকার পরিষদ (জিওপি): এস. কে. সফিকুল ইসলাম
জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি): কে. এম. জাবির
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জানান, মনোনয়ন যাচাই-বাছাইয়ে বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন। আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
তিনি আরও বলেন, নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। কোনো প্রার্থী বা সমর্থক নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইনানুগ ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
মনোনয়ন যাচাই-বাছাই শেষ হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে এখন নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও স্পষ্ট ও জমে উঠবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।