হোমনায় ফসলি জমির মাটি কাটায় দুই জনকে
১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা
ডেইলি নিউজ বাঞ্ছারামপুর নিজস্ব (রাসেল আহমেদ) হোমনা প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় অনুমতি ছাড়া ফসলি জমির মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যক্তিকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১ মার্চ) উপজেলার আসাদপুর ইউনিয়নের খোদেদাউদপুর ও কৃপারামপুর গ্রামে পৃথক অভিযানে এ অর্থদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছের।
জানা যায়, খোদেদাউদপুর গ্রামের মো. আব্দুর রশিদ প্রশাসনের অনুমতি ছাড়াই কৃষি জমির মাটি কাটছিলেন। এ অপরাধে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ৭(ক) ধারা অনুযায়ী তাকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই দিনে কৃপারামপুর গ্রামে বাণিজ্যিক উদ্দেশ্যে অনুমতি ছাড়া কৃষি জমি থেকে মাটি উত্তোলনের দায়ে রুহুল আমিন নামে আরেক ব্যক্তিকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রসিকিউটর হিসেবে অভিযানে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল হাসান ডালিম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আহাম্মেদ মোফাচ্ছের বলেন, অনিবার্য কারণে ব্যক্তিগত প্রয়োজনে মাটি কাটতে হলেও উপজেলা নির্বাহী কর্মকর্তার পূর্বানুমতি নেওয়া বাধ্যতামূলক।