বাঞ্ছারামপুর ছলিমাবাদে মহান শহীদ দিবস উপলক্ষে কবিতা আবৃত্তি, গল্প বলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
ব্রাহ্মনবাড়িয়া (বাঞ্ছারামপুর) নিজস্ব প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কবিতা আবৃত্তি, গল্প বলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
“Educate the Most Disadvantaged Children (EMDC) Project”-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা। কর্মসূচিটি সমর্থন দিয়েছে ইউনিসেফ বাংলাদেশ এবং বাস্তবায়ন করেছে ফ্রেন্ডশিপ ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (FIVDB)।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আশ্রাফবাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সাংবাদিক মো. রোমন হায়দার। তিনি ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় ১৯৫২ সালের শহীদদের আত্মত্যাগ বাঙালি জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস তুলে ধরতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা দেশাত্মবোধক কবিতা আবৃত্তি করে, ভাষা আন্দোলনভিত্তিক গল্প বলে এবং চিত্রাঙ্কনের মাধ্যমে একুশের চেতনা প্রকাশ করে। আয়োজকরা জানান, শিশুদের সৃজনশীলতা বিকাশ ও ইতিহাস সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।