ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:DNB NEWS
ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির প্রত্যয়ে হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির (এইচআরডিএস) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।সোমবার (২ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের মসজিদ রোডে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এইচআরডিএসের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ। সঞ্চালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. সুজন সরকার। স্বাগত বক্তব্য দেন জেলা কমিটির সহ-সভাপতি উত্তম কুমার দাস।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার, তরী বাংলাদেশের আহ্বায়ক কমিটির সদস্য খালেদা মুন্নী এবং সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি পারভেজ আলম।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও শিশু নির্যাতনের মতো অপরাধ উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করছে। এসব অপরাধ প্রতিরোধে আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা, পারিবারিক মূল্যবোধ এবং সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি।
তারা আরও বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা, মানুষের মর্যাদা রক্ষা এবং নির্যাতনের শিকার ব্যক্তিদের পাশে দাঁড়ানো প্রত্যেক সচেতন নাগরিকের দায়িত্ব। শিশু ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, বৈষম্য দূরীকরণ এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক আবুল হাসনাত অপু, খোকন মিয়া, সাদ্দাম হোসেন, সামাজিক সংগঠক পারভেজ আহমেদ, আবদাল হোসেন, মোজাম্মেল আহমেদ, প্রশান্ত দেবনাথ, ইমন সরকারসহ স্থানীয় সাংবাদিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনের মধ্য দিয়ে মানবাধিকার রক্ষা, নির্যাতন প্রতিরোধ এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরিতে সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকেরা।