প্রতাবগঞ্জ চকবাজারের রাস্তার বেহাল দশা: ছয় মাস ধরে অচল বাজার

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভার প্রাণকেন্দ্র প্রতাবগঞ্জ চকবাজার এখন রাস্তাঘাটের বেহাল অবস্থার কারণে অচল হয়ে পড়েছে। উপজেলার ১২৭টি গ্রামের মানুষের নিত্যদিনের যাতায়াতের কেন্দ্র হলেও ভাঙাচোরা রাস্তায় কাদা ও খানাখন্দে ভরে গেছে বাজারের ভেতর ও তিনটি সংযোগ সড়ক। দীর্ঘদিনের এই অব্যবস্থাপনায় ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা।

বুধবার (১৩ আগস্ট) সকালে সরেজমিনে দেখা যায়, বাজারের ভেতরের প্রধান সড়কসহ পাকা রাস্তাগুলোতে কোথাও আস্ত অংশ নেই। কাদায় একাকার হয়ে গেছে, ফলে ক্রেতা-বিক্রেতাদের যাতায়াত প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ছয় মাস ধরে বাজারের অবস্থা এতটাই করুণ যে ক্রেতারা আর আসেন না, ফলে ব্যবসায়ীরা বাধ্য হয়ে অসময়ে দোকান বন্ধ করে দিচ্ছেন।

স্থানীয় ব্যবসায়ী মো. জয়নাল মিয়া বলেন, “বর্ষাকাল এলেই রাস্তার অবস্থা আরও খারাপ হয়। এখন মানুষ বাজারে আসতে চায় না।” বাজার কমিটির সাধারণ সম্পাদক ও বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাইবুর হাসান মাসুম অভিযোগ করেন, “সারা দেশের রাস্তাঘাটের উন্নতি হলেও আমাদের ভাগ্যে উন্নয়ন নেই। এই ভাঙা রাস্তার কারণে সব সময় যানজট থাকে, মানুষ কষ্টে আছে।”

রাস্তার বেহাল অবস্থায় বয়োবৃদ্ধ ও অসুস্থ মানুষদের জন্য যাতায়াত দুর্ভোগ আরও বেশি। স্থানীয়রা জানান, আগে এই বাজার ছিল রমরমা, এখন অবকাঠামোর দুর্দশায় ব্যবসা ও যোগাযোগ দুই-ই ধ্বংসের মুখে।

বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বলেন, “খোঁজ নিয়ে অবিলম্বে বাজারের সড়ক সংস্কারের ব্যবস্থা নেব।” সড়ক ও জনপথ বিভাগের (বাঞ্ছারামপুর) বিভাগীয় প্রকৌশলী সিদ্দিকুর রহমান জানান, “প্রতাবগঞ্জ বাজারের সংস্কারকাজ শুরু হবে শিগগিরই। টেন্ডার হয়ে গেছে। ৩ কোটি ৯৬ লাখ টাকায় আরসিসি ঢালাই হবে। বৃষ্টি কমলেই কাজ শুরু হবে।”