বাঞ্ছারামপুরে ক্যানসারে আক্রান্ত আমেনা বেগমের চিকিৎসায় সহযোগিতার আবেদন, পাশে দাঁড়ানোর আহ্বান

বাঞ্ছারামপুর প্রতিনিধি: মো: রোমন হায়দার
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার তেজখালী ইউনিয়নের আকানগর ডেংপাড়া গ্রামের আওয়াল মিয়ার ছেলে মতিন মিয়ার স্ত্রী আমেনা বেগম টিউমার থেকে ক্যানসারে আক্রান্ত হয়ে বর্তমানে কঠিন সময় পার করছেন। তাঁর চিকিৎসার জন্য গত চার দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মানবিক আবেদন জানানো হলেও এখন পর্যন্ত আশানুরূপ সহযোগিতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আমেনা বেগমের চিকিৎসা চালিয়ে যেতে এই মুহূর্তে প্রয়োজন সবার সম্মিলিত সহযোগিতা ও মানবিক সহমর্মিতা। একজন অসহায় নারী যখন জীবন বাঁচানোর লড়াই করছেন, তখন তাঁর পাশে দাঁড়ানো সমাজের সামর্থ্যবান মানুষের নৈতিক দায়িত্ব বলে মনে করছেন স্থানীয়রা।
এলাকার সম্ভাব্য জনপ্রতিনিধি, মেম্বার ও চেয়ারম্যান পদপ্রত্যাশীদের প্রতিও বিশেষ আহ্বান জানানো হয়েছে। জনপ্রতিনিধিত্বের মূল উদ্দেশ্য হওয়া উচিত মানুষের সেবা করা এবং বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। ব্যক্তিগত ও সামাজিক বিভিন্ন প্রয়োজনে আমরা নানা জায়গায় অর্থ ব্যয় করি। অথচ নিজ এলাকার একজন অসহায় মানুষ যখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসার জন্য সহযোগিতা কামনা করছেন, তখন তাঁর পাশে দাঁড়ানো আমাদের সবার মানবিক দায়িত্ব।
মনে রাখতে হবে, মানুষের ভালোবাসা ও দোয়া অর্জন করতে হলে মানুষের দুঃসময়ে পাশে থাকতে হয়। তাই জনপ্রতিনিধি, বিত্তবান ব্যক্তি, প্রবাসী ভাই-বোন, সামাজিক সংগঠন এবং এলাকার সর্বস্তরের মানুষের প্রতি যার যার সামর্থ্য অনুযায়ী আমেনা বেগমের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার বিনীত আহ্বান জানানো হয়েছে।
আপনার সামান্য সহযোগিতাও হয়তো আমেনা বেগমের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং তাঁর পরিবারের মনে নতুন করে আশার আলো জাগাতে পারে।
আসুন, মানবিকতার হাত বাড়িয়ে দিই। আজ আমেনা বেগমের বিপদ, আগামীকাল আমাদেরও হতে পারে। আল্লাহর অশেষ রহমতে এবং সবার সম্মিলিত সহযোগিতায় তিনি যেন সুস্থ হয়ে আবার পরিবারের মাঝে ফিরে আসতে পারেন—এই প্রত্যাশা।
মানবিক হোন, অসহায় মানুষের পাশে দাঁড়ান।