বাঞ্ছারামপুর(ব্রাহ্মণবাড়িয়া):প্রতিনিধি:DNBNEWS:আতিক আহম্মেদ লিটন

ব্রাহ্মনবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলা বানিজ্য মেলাকে কেন্দ্র করে,
বিদ্যুৎ সংকটে যখন পুরো এলাকা স্থবির ও সাধারণ মানুষ ভোগান্তির চরম সীমায়, তখন বাঞ্ছারামপুরের ৬ নং ওয়ার্ডের বাণিজ্য মেলায় যোগ হয়েছে আরেক চরম নৈরাজ্য—পণ্যমূল্যের বেপরোয়া সিন্ডিকেট। একদিকে শত শত বাতি জ্বালিয়ে মেগাওয়াট মেগাওয়াট বিদ্যুৎ পুড়িয়ে চোখ ধাঁধানো আয়োজন চলছে, অন্যদিকে মেলার ভেতরে সাধারণ ক্রেতাদের পকেট কাটতে মেতে উঠেছেন অসাধু ব্যবসায়ীরা।নাম বলতে অনিচ্ছুক, মেলায় আসা দর্শনার্থী ও স্থানীয়দের অভিযোগ, মেলা প্রাঙ্গণে প্রকাশ্যেই চলছে পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। বাইরে খোলা বাজারে যে পণ্যের দাম মাত্র ১০ টাকা, মেলায় তা নির্বিঘ্নে বিক্রি হচ্ছে ৩০ টাকায়। খাবার, খেলনা থেকে শুরু করে নিত্যব্যবহার্য গৃহস্থালি পণ্যে দ্বিগুণ থেকে তিনগুণ বেশি দাম হাতিয়ে নেওয়া হচ্ছে। কোনো ধরনের মূল্যতালিকা না রেখেই যে যার মতো ক্রেতাদের জিম্মি করে টাকা আদায় করছে।
এক ক্ষুব্ধ দর্শনার্থী বলেন, “ঘরে কারেন্ট নেই, গরমে অতিষ্ঠ হয়ে একটু স্বস্তির জন্য মেলায় এসে দেখি আরেক বিপদ। ১০ টাকার জিনিস ৩০ টাকা চায়! এখানে না আছে তদারকি, না আছে প্রশাসনের কোনো নজরদারি।”তীব্র লোডশেডিংয়ের মধ্যে লাখো ইউনিট বিদ্যুৎ অপচয় করে এমন ‘গলাকাটা’ বাণিজ্যের অনুমতি কীভাবে মিলল, তা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন বাঞ্ছারামপুরের সচেতন নাগরিকরা। সাধারণ মানুষের ভোগান্তি ও প্রতারণা ঠেকাতে মেলায় দ্রুত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।