বাংলাদেশ পুলিশের (টিডিএস) প্রধান হলেন নবীনগরের কৃতি সন্তান ডিআইজি হাবিবুর রহমান খাঁন

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মো:রোমন হায়দার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের নাছিরাবাদ গ্রামের কৃতি সন্তান বাংলাদেশ পুলিশের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান খাঁন বাংলাদেশ পুলিশের ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল (টিডিএস)-এর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন।
সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এ পদে পদায়ন করা হয়। এর আগে তিনি হাইওয়ে পুলিশের ডিআইজি (প্রশাসন ও অপারেশনস) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।ডিআইজি হাবিবুর রহমান খাঁন ১৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ চাকরি জীবনে তিনি জেলা পুলিশ সুপার, অতিরিক্ত ডিআইজি ও ডিআইজি পদমর্যাদায় বিভিন্ন ইউনিটে সততা, দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেছেন।এছাড়াও তিনি জাতিসংঘের (ইউএন) শান্তিরক্ষা মিশনে একাধিকবার দায়িত্ব পালন করে আন্তর্জাতিক অঙ্গনেও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।ডিআইজি হাবিবুর রহমান খাঁন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাছিরাবাদ গ্রামের খাঁন পরিবারের সন্তান। তাঁর পিতা মরহুম আব্দুর রহমান খাঁন স্বাধীনতা-পূর্ব সময়ে পুলিশ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন এবং মাতা মরহুমা সুফিয়া বেগম ছিলেন একজন গৃহিণী।ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক। তাঁর সহধর্মিণী ডা. ফারহানা হক খাঁন চিকিৎসা পেশায় নিয়োজিত রয়েছেন।নতুন দায়িত্ব পালনে তিনি পুলিশ বাহিনীর কর্মকর্তা-কর্মচারী, সদস্যসহ দেশবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।