ছয়ফুল্লাকান্দি ইউনিয়নে গ্রাম আদালত সক্রিয়করণে প্রচার প্রচারণার লক্ষে উঠান বৈঠক ও মনিটরিং

মো:রোমন হায়দার, বাঞ্ছারামপুর প্রতিনিধি: বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য়) পর্যায় প্রকল্পের মনিটরিং অ্যান্ড লেসন লার্ন অফিসার জনাব আশুতোষ মজুমদার গ্রাম আদালত সক্রিয়করণে ব্যাপক প্রচার-প্রচারণার লক্ষ্যে গ্রামেরসাধারণ মহিলাদের নিয়ে একটি উঠান বৈঠক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এ সময় তিনি গ্রাম আদালতের সেবাসমূহ নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬নং ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আবদুল করিম চৌধুরী।উক্ত অনুষ্ঠান শেষে মনিটরিং টিম ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে মামলা দায়ের থেকে শুরু করে নিষ্পত্তি প্রক্রিয়া একটি ডেমো সেশনের মাধ্যমে পর্যবেক্ষণ করেন।পর্যবেক্ষণকালে গ্রাম আদালতের রেজিস্ট্রার ও মামলার নথিসমূহ পর্যবেক্ষণ করেন মনিটরিং টিমের সদস্যরা।

পরিশেষে মনিটরিং টিম ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যদের সঙ্গে গ্রাম আদালত কার্যক্রম আরও গতিশীল করার জন্য কী কী কাজ করা দরকার এবং ইউপি সদস্য ও চেয়ারম্যানদের ভূমিকা নিয়ে আলোচনা করেন।আলোচনায় ইউপি প্রশাসনিক কর্মকর্তা জনাব নাছির উদ্দিন বলেন, গ্রাম আদালত কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে পূর্বেও ইউপি প্রশাসনিক কর্মকর্তার সহযোগিতা ছিল, ভবিষ্যতেও তা চলমান থাকবে।