পাঠামারা গ্রামের মোকবুল হোসেনের হত্যা ও শান্তিপুরের সংঘর্ষের ছায়া বাঞ্ছারামপুরের আইনশৃঙ্খলা সভায়: শান্তি রক্ষায় কঠোর বার্তা দিলেন প্রশাসন

বাঞ্ছারামপুর প্রতিনিধি,Dailynewsbancharampur

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সাম্প্রতিক রক্তক্ষয়ী সংঘাত ও হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে কঠোর বার্তা দিয়েছে উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় উপজেলার সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনাসহ সাম্প্রতিক সহিংসতা প্রতিরোধে জোরালো সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সভায় সম্প্রতি আলোচিত মোকবল হোসেন হত্যাকাণ্ড এবং শান্তিপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ও আহতের ঘটনায় বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা, এলাকায় পুনরায় যাতে সংঘাতের সৃষ্টি না হয় সেজন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো এবং সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রত্যয় ব্যক্ত করা হয়।এর পাশাপাশি উপজেলার বিভিন্ন হাট-বাজার ও প্রধান সড়কে দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন, মাদক কারবারিদের তালিকা হালনাগাদ করে সাড়াঁশি অভিযান পরিচালনা এবং গ্রাম পর্যায়ে বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা গড়ে তোলার বিষয়ে জোর তাগিদ দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল এমরান খাঁনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রবিউল হাসান ভূঁইয়া ও বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াছিন।অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি দুধ মিয়া, বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মোঃ নাসির আহমেদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও গণসংহতি আন্দোলনের বাঞ্ছারামপুর সমন্বয়ক মোঃ শামীম শিবলী এবং বাঞ্ছারামপুর ছোবহানিয়া আলিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা রুহুল আমিন।সভায় বক্তারা বলেন, বাঞ্ছারামপুরের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও পুলিশ প্রশাসনকে একযোগে কাজ করতে হবে। অপরাধী যে দলেরই হোক না কেন, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।