বাঞ্ছারামপুরে এনসিপির ৮৪ সদস্যের আহ্বায়ক কমিটির,মনির হোসেন মনির আহ্বায়ক ও সদস্য সচিব মাইনুদ্দিন
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৮৪ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে উপজেলার মিরপুর গ্রামের মনির হোসেন মনিরকে আহ্বায়ক এবং দলের সাবেক প্রধান সমন্বয়ক মোহাম্মদ মাইনুদ্দিনকে সদস্য সচিব করা হয়েছে।
জানা গেছে, এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার অনুমোদনের মাধ্যমে বাঞ্ছারামপুর উপজেলা শাখার নতুন এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের মধ্য দিয়ে উপজেলায় দলটির সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত ও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
নবগঠিত কমিটির আহ্বায়ক মনির হোসেন মনির বলেন, “এনসিপি ইতিবাচক পরিবর্তনের রাজনীতিতে বিশ্বাসী। দেশের নাগরিকদের প্রতিটি অধিকারের বিষয়ে আমরা সোচ্চার। আমার ওপর যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা যথাযথভাবে পালন করব। সাধারণ মানুষের পাশে থাকব। বাঞ্ছারামপুর উপজেলায় সংগঠনকে শক্তিশালী করতে যা করা দরকার, তা করার চেষ্টা করব।”
কমিটির সদস্য সচিব মোহাম্মদ মাইনুদ্দিন বলেন, “দেশের অগ্রযাত্রায় আমরা আমাদের সেরাটা দিয়ে কাজ করব। কোনো রক্তচক্ষুকে ভয় না পেয়ে অনিয়মের বিরুদ্ধে কথা বলে যাব। নতুন এই কমিটির মাধ্যমে বাঞ্ছারামপুর উপজেলায় এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে।”
এদিকে ৮৪ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণার পর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। নতুন কমিটির নেতারা সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সক্রিয় করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন।
নতুন কমিটির পক্ষ থেকে শিগগিরই সাংগঠনিক কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা। কমিটি গঠনের পর বাঞ্ছারামপুরে এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।