বাঞ্ছারামপুরে টোল প্লাজায় হামলার অভিযোগ, ১১ জনের নাম উল্লেখ করে মডেল থানায় অভিযোগ
News
বাঞ্ছারামপুরে টোল প্লাজায় হামলার অভিযোগ, ১১ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে কালিকাপুর টোল প্লাজায় হামলা, গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন ও টোল আদায়ে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করে বাঞ্ছারামপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মোঃ শাহিন কাদির নামে এক ব্যক্তি।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে উজানচর ইউনিয়নের কালিকাপুর টোল প্লাজার টোল বক্সের ভেতরে এ ঘটনা ঘটে।অভিযোগকারী শাহিন কাদিরের দাবি, তিনি আরও কয়েকজন সদস্যসহ একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মাধ্যমে ২০২৪ সালের অক্টোবর থেকে বাঞ্ছারামপুর-হোমনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পালন করে
আসছেন। এ সময় অভিযুক্তরা বিভিন্ন সময়ে টোল প্লাজায় এসে কর্মীদের গালিগালাজ ও হুমকি-ধমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।অভিযোগে আরও বলা হয়, ঘটনার দিন অভিযুক্তরা ১০-১২টি মোটরসাইকেলযোগে টোল প্লাজার সামনে আসেন। এ সময় তাদের হাতে লাঠি-সোটা, লোহার রড, রামদা, কিরিচ ও চাপাতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল বলে অভিযোগকারীর দাবি। পরে তারা টোল প্লাজায় থাকা লোকজনকে গালিগালাজ করেন এবং একপর্যায়ে হামলার উদ্দেশ্যে এগিয়ে আসেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও নিরাপত্তাহীনতার সৃষ্টি হয়েছে বলে অভিযোগকারী দাবি করেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি টোল প্লাজায় কর্মরতদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন।এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশের বক্তব্য জানা যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত পরিস্থিতি তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।