ভাবীকে নিয়ে উধাও হওয়ার অভিযোগ, এনসিপি নেতার সব পদ স্থগিত
চাঁদপুর প্রতিনিধি:Dailynewsbancharampur 
চাঁদপুরের শাহরাস্তি পৌর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ ওঠার পর তাঁর সব সাংগঠনিক পদ স্থগিত করেছে দলটির চাঁদপুর জেলা শাখা।রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা এনসিপির আহ্বায়ক কমিটির পক্ষ থেকে প্রকাশিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে গুরুতর নৈতিক স্খলনের অভিযোগ ওঠায় তাৎক্ষণিক সিদ্ধান্ত হিসেবে তাঁর সব সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।
চিঠি অনুযায়ী, চাঁদপুর জেলা এনসিপির আহ্বায়ক মাহবুবুল আলম ও সদস্যসচিব আমন উল্লাহ পাটোয়ারীর নির্দেশক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে অভিযোগের বিষয়টি তদন্ত করে পরবর্তী সময়ে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
চাঁদপুর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক (দপ্তর) অধ্যাপক মো. মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত ওই চিঠিতে পদ স্থগিতের বিষয়টি উল্লেখ করা হয়।
এর আগে শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে তাঁর এক আত্মীয়ের স্ত্রীকে সঙ্গে নিয়ে চলে যাওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় ওই নারীর পরিবারের পক্ষ থেকে শাহরাস্তি মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অভিযোগের বিষয়টি বর্তমানে তদন্তাধীন।
তবে অভিযোগের বিষয়ে শেখ রহমত উল্লাহর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তদন্তের পর অভিযোগের সত্যতা ও এ বিষয়ে পরবর্তী আইনগত বা সাংগঠনিক পদক্ষেপের বিষয়টি স্পষ্ট হবে।