টিকটকার জান্নাতকে বয়কটের মুখে বাঞ্ছারামপুর কুটির শিল্প মেলা কর্তৃপক্ষ, দাওয়াত করে প্রচারনার জন্য নয়।


নিজস্ব প্রতিনিধি, বাঞ্ছারামপুর
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর কুটির শিল্প মেলার প্রচারণায় টিকটকার জান্নাতকে যুক্ত করাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে মেলা বয়কটের ঘোষণা দেয় ‘বাঞ্ছারামপুর সার্কাজম’ নামে একটি সামাজিক সংগঠন।
সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, বাঞ্ছারামপুরের সামাজিক মূল্যবোধ, স্থানীয় সংস্কৃতি ও সাধারণ মানুষের অনুভূতির প্রতি সম্মান রেখে মেলা কর্তৃপক্ষের আরও দায়িত্বশীলভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল।
বিবৃতিতে মেলার প্রচারণায় টিকটকার জান্নাতকে যুক্ত করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার পাশাপাশি বাঞ্ছারামপুরবাসীর কাছে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়।
সংগঠনটি আরও জানায়, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত বাঞ্ছারামপুর কুটির শিল্প মেলা বয়কট করা হবে। একই সঙ্গে বাঞ্ছারামপুরের সচেতন নাগরিকদের শান্তিপূর্ণভাবে বয়কট কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।
এদিকে, বয়কটের ঘোষণাকে কেন্দ্র করে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আরও আলোচনায় আসে। বিভিন্নজন এ বিষয়ে নিজেদের মতামত প্রকাশ করছেন।
তবে সর্বশেষ মেলা কর্তৃপক্ষের পক্ষ থেকে ক্ষমা চাওয়ার বিষয়টি নিশ্চিতভাবে জানা যায়নি। কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।
এ ঘটনায় বাঞ্ছারামপুর কুটির শিল্প মেলার প্রচারণা, টিকটকার জান্নাতকে যুক্ত করার সিদ্ধান্ত এবং পরবর্তী পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে।