ব্রাহ্মণবাড়িয়ায় পর্তুগাল প্রবাসীর মাইক্রোবাস ভাড়া নিয়ে বিক্রির অভিযোগ, প্রতারক গ্রেফতার


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় পর্তুগাল প্রবাসীর একটি মাইক্রোবাস ভাড়া নিয়ে মালিক সেজে ঢাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগে উজ্জল মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার মিরপুর এলাকা থেকে মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাতে ঢাকার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মাইক্রোবাসটি উদ্ধার করা হয়। এর আগে গত রোববার প্রতারণার অপর একটি মামলায় উজ্জল মিয়াকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে মাইক্রোবাস আত্মসাতের মামলায় গ্রেফতার দেখানো হয়।
গ্রেফতার উজ্জল মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কাউতলি এলাকার জিল্লু মিয়ার ছেলে।


মাইক্রোবাসের মালিক পর্তুগাল প্রবাসী নাহিনুল হাসানের স্ত্রী ফাহমিদা হক জানান, ২০২৩ সালে মাসিক ৮২ হাজার টাকা চুক্তিতে উজ্জল মিয়ার কাছে মাইক্রোবাসটি ভাড়া দেওয়া হয়। চুক্তি অনুযায়ী, মাসিক ৫২ হাজার টাকা ব্যাংক ঋণের কিস্তি এবং ৩০ হাজার টাকা ভাড়া বাবদ পরিশোধ করার কথা ছিল। উজ্জল প্রথম ২০টি কিস্তি পরিশোধ করলেও ভাড়া বাবদ কোনো টাকা দেননি।
ফাহমিদা হকের অভিযোগ, প্রায় ১১ মাস ধরে উজ্জল তাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। একপর্যায়ে তিনি গাড়িটি ভাড়া নেওয়ার বিষয়টিও অস্বীকার করেন এবং মাইক্রোবাসটি আত্মসাৎ করে ঢাকায় বিক্রি করে দেন।
এ ঘটনায় গত ২ আগস্ট ফাহমিদা হক বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, গ্রেফতারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে উজ্জল মিয়া ভাড়া নেওয়া মাইক্রোবাসটি ঢাকায় নিয়ে বিক্রি করে দেওয়ার কথা স্বীকার করেছেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার মিরপুর এলাকা থেকে মাইক্রোবাসটি উদ্ধার করা হয়।
বুধবার দুপুরে গ্রেফতার উজ্জল মিয়াকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।