বাঞ্ছারামপুর ভুরভুরিয়া আদর্শ কিন্ডারগার্টেনে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নাতে রাসূল ও মাহফিল অনুষ্ঠিত

​বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মো:রোমন হায়দার,ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ভুরভুরিয়া আদর্শ কিন্ডারগার্টেনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে নাতে রাসূল ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের সৌজন্যে নানা ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইরিন বেগম, বিশিষ্ট ব্যবসায়ী মো. মুছা এবং জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত আবৃত্তিশিল্পী ইয়াছিন আরাফাত।

​হাফেজ মোঃ রবিন আহমেদের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে নাতে রাসূল পরিবেশন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিল ‘দামামা শিল্পীগোষ্ঠী’।​মাহফিলে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, মানবিক মূল্যবোধ ও শান্তির শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে কোমলমতি শিক্ষার্থীদের ধর্মীয় অনুশাসন ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। পরিশেষে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।