বাঞ্ছারামপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সালাউদ্দিন বাসুর নেতৃত্বে বিশাল শোডাউন।

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া):মোঃ রোমন হায়দার 

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টায় বাঞ্ছারামপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ বাসুর নেতৃত্বে মিছিলটি উপজেলা বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়। পরে প্রতাপগঞ্জ বাজার ও মাওলাগঞ্জ বাজারসহ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।মিছিলে উপজেলার ১৩টি ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে বাঞ্ছারামপুরের প্রধান সড়কগুলো।
মিছিল শেষে উপজেলা চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় সভাপতিত্ব ও সমাপনী বক্তব্য দেন সালাউদ্দিন আহমেদ বাসু। তিনি বলেন, মানুষের বিপদে পাশে দাঁড়ানোই স্বেচ্ছাসেবক দলের মূল লক্ষ্য। নেতাকর্মীদের নেতা হিসেবে নয়, ছোট ভাই ও বন্ধু হিসেবে পাশে থাকতে চান বলেও উল্লেখ করেন তিনি।সভায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালেহ মুসা, সাবেক সভাপতি মতিউর রহমান জালু, উজানচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুজন, পৌর শ্রমিক দলের আহ্বায়ক জামালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন।
বক্তারা সালাউদ্দিন বাসুর নেতৃত্বে আয়োজিত বিশাল সমাবেশের প্রশংসা করে বলেন, এই আয়োজন বাঞ্ছারামপুরে দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে।