বাঞ্ছারামপুর পৌরসভার দরিবাঞ্ছারামপুরে ৫০ পিস ইয়াবাসহ ২৩ মামলার আসামী মাদক কারবারি রুবেল গ্রেপ্তার

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে মো. রুবেল প্রকাশ কসাই রুবেল (৩৫) নামে এক ব্যক্তিকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ।
বুধবার (১৯ আগস্ট ২০২৬) বাঞ্ছারামপুর পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রুবেল দড়িবাঞ্ছারামপুর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের সুন্দর আলী ও মনোয়ারা বেগমের ছেলে।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় রুবেলের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার রুবেলের বিরুদ্ধে বাঞ্ছারামপুর মডেল থানায় বিভিন্ন অভিযোগে ২৩টি মামলা রয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।