কুমিল্লায় প্রেমিকার ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, নারী আটক
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের মোহনপুর এলাকায় রূপা আক্তার (২৬) নামে এক নারীর ঘর থেকে টিপু সুলতান (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রূপা আক্তারকে আটক করা হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ওই নারীর ঘর থেকে টিপু সুলতানের মরদেহ উদ্ধার করা হয়। নিহত টিপু সুলতান উপজেলার গাবতলী গ্রামের দেলু মিয়ার ছেলে। রূপা আক্তার একই গ্রামের শেখ বাড়ির সৌদি প্রবাসী বশির আহমেদের স্ত্রী।
নিহতের চাচাতো ভাই মো. মহিবুর রহমান জানান, টিপু সুলতান পেশায় পাইপ ফিটিং মিস্ত্রি ছিলেন। রূপা আক্তারের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল বলে পরিবারের দাবি। শনিবার রাত ১০টার দিকে টিপু তার চাচাতো বোন আখির সঙ্গে সর্বশেষ ফোনে কথা বলেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান না পেয়ে সোমবার দুপুরে পরিবারের পক্ষ থেকে সদর দক্ষিণ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
পরে সন্ধ্যার দিকে পরিবারের সদস্যরা জানতে পারেন, রূপা আক্তারের ঘরে টিপুর মরদেহ পাওয়া গেছে। পরিবারের দাবি, মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। তারা সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
সদর দক্ষিণ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দিলিপ কুমার মজুমদার জানান, সন্ধ্যায় রূপা আক্তার থানায় এসে পুলিশকে জানান, তার ঘরে এক যুবক এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরে রাত ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি প্রেমের সম্পর্কের কারণে ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় রূপা আক্তারকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।