ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলা ১০৭ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি নুরুল ইসলাম ও আশিকুল ইসলাম গ্রেপ্তার


ব্রাহ্মণবাড়িয়া:প্রতিনিধি:- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অভিযান চালিয়ে ১০৭ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবার গুড়া, মাদক বিক্রির নগদ ২ লাখ ৬৮ হাজার টাকা ও চারটি মোবাইল ফোনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি পালসার মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) রাত ২টা ৪৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন ১ নম্বর শহর পুলিশ ফাঁড়ির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব মেড্ডা এলাকায় অভিযান চালায়। অভিযানে মোটরসাইকেলসহ দুই আরোহীকে আটক করে তল্লাশি করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর গ্রামের সুরুজ আলীর ছেলে নুরুল ইসলাম এবং বিহাইর গ্রামের মৃত ইদন মিয়ার ছেলে আশিকুল ইসলাম।
পুলিশ জানায়, তাদের কাছ থেকে ১০৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১৫ গ্রাম ইয়াবা ট্যাবলেটের গুড়া, বিভিন্ন ব্র্যান্ডের চারটি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ৬৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মালামাল বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার নুরুল ইসলামের বিরুদ্ধে এর আগে মাদক আইনে ৯টি, চুরি মামলায় ১টি, ডাকাতির প্রস্তুতি মামলায় ১টি এবং অন্যান্য ধারায় আরও ১টিসহ মোট ১২টি মামলা রয়েছে। অপর গ্রেপ্তার আশিকুল ইসলামের বিরুদ্ধেও একটি মামলা রয়েছে।
এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।